মোঃ জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মামুন অর রশিদ। রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা পুলিশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ এর আগে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত ছিলেন। ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার কারণে পুলিশ বিভাগে তিনি পরিচিত মুখ।
দায়িত্ব গ্রহণের পর রাজশাহী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন পুলিশ সুপারের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এদিকে রাজশাহী জেলা পুলিশের বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান সিআইডির পুলিশ সুপার হিসেবে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেছেন। তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
রাজশাহীতে দায়িত্ব পালনকালে নাঈমুল হাছান অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেন। তাঁর সময়ে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তার, অপরাধী শনাক্তকরণ এবং প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশ উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালনা করে।
বিশেষ করে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারের কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে প্রশংসা কুড়ায়। পাশাপাশি বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত ছিল।
বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের সময়ে রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় জোরদার করার পাশাপাশি অপরাধ দমনে গোয়েন্দা তথ্যনির্ভর কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়।
দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে রাজশাহী জেলা পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা রাজশাহীবাসীর।