মোঃ বিল্লাল হোসেন লিটু
স্টাফ রিপোর্টার | ঝিনাইদহ জেলা
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজার এলাকায় পারিবারিক কলহ ও পূর্ববিরোধের জেরে আবু মুসা (৩৫) নামে এক কৃষককে কুপিয়ে এক পা বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই মামুন মোল্লার বিরুদ্ধে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গোয়ালপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবু মুসা গোয়ালপাড়া গ্রামের আবু কাশেম মোল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবু মুসা মাঠের কাজ শেষে বিকেলে বাড়ি ফেরেন। পরে নিজের ছেলেকে খেলার মাঠ থেকে আনতে যাওয়ার পথে তার চাচাতো ভাই মামুন মোল্লা ধারালো অস্ত্র (রামদা) দিয়ে তাকে এলোপাতাড়ি কোপান। এতে আবু মুসার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পায়েও ধারালো অস্ত্রের আঘাত লাগে।
আবু মুসার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত মামুন মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবু মুসাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতের স্ত্রী বিউটি খাতুন অভিযোগ করে বলেন, “মামুন আমার স্বামীর চাচাতো ভাই। সে প্রায়ই নেশা করে এবং বিভিন্ন বিষয়ে পরিবারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াত। এসব কাজে আমার স্বামীসহ পরিবারের অন্যরা বাধা দিতেন। এতে ক্ষিপ্ত হয়েই মামুন আমার স্বামীকে কুপিয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিহা তাহসিন জানান, আহতের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া বাম পায়েও ধারালো অস্ত্রের কয়েকটি আঘাত রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে, পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মামুন মোল্লা কিছুদিন আগে গোয়ালপাড়া বাজারের একটি দোকানে চুরির মামলায় গ্রেপ্তার হয়েছিল।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, “ঘটনাটি শুনেছি। অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারে অভিযান চলছে।”