মোহাম্মদ আবু সালেহ নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার :–
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সুতার মিলের ভেতর থেকে তানিম (৩০) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণপাড়া এলাকার আব্বাস চেয়ারম্যানের সুতার মিলে এ ঘটনা ঘটে।
নিহত তানিম চট্টগ্রামের পটিয়া থানার খন্দকার বাড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই মিলে শ্রমিক হিসেবে কাজ করছিলেন এবং কর্মস্থলেই থাকতেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে মিলের ভেতরে আড়ার সঙ্গে রশি দিয়ে তানিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে আড়াইহাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন জানান, প্রাথমিকভাবে তানিমের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।