মো:সাগর মাদবর জেলা ক্রাইম রিপোর্টার (শরীয়তপুর:—
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শরীয়তপুর জেলা শাখার আট সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে অ্যাডভোকেট রুহুল আমিনকে আহ্বায়ক এবং সবুজ তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ও শওকত আলম গাজী। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. ওলিউল্লাহ জাবেরকে। এছাড়া সাংগঠনিক সম্পাদক আমিন মোহাম্মদ (জিতু), দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলাম মাদবর এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে মাহবুবা রহমান আলোকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
এ বিষয়ে নবনির্বাচিত সদস্য সচিব সবুজ তালুকদার বলেন, শরীয়তপুরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সাধারণ মানুষের অধিকার, সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা হবে।
তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে। পাশাপাশি শিগগিরই শরীয়তপুরের সব উপজেলায় এনসিপির কমিটি গঠন করা হবে। যোগ্য, ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে উপজেলা কমিটি গঠনের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।
নবনির্বাচিত আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, শরীয়তপুরে এনসিপিকে একটি শক্তিশালী, জনবান্ধব ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবেন। তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে জনগণের প্রত্যাশা পূরণে রাজপথে এবং মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করতে চান তারা।
নতুন আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে শরীয়তপুরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নেতারা।