রামপুরা ও চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার (ইসমাইল হোসেন):
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ফ্রিল্যান্সার স্বামীকে বিয়ের পর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের মালামাল ও নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহীর এক টিকটকার নারীর বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, বিয়ের পর ওই নারী তার কাছে আরও ২০ ভরি সোনার গহনা ও একটি ফ্ল্যাট কিনে দেওয়ার দাবি করেন। এসব দাবি পূরণ না করায় তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনায় সোমবার (২৪ আগস্ট) সংবাদ সম্মেলন করে নিজের অভিযোগ তুলে ধরেন শিবগঞ্জ উপজেলার ফ্রিল্যান্সার সালমাউন হোসেন আতর (৩২)। তিনি অভিযোগ করেন, বিদেশে অবস্থানের সুযোগে তার বাড়ি থেকে আসবাবপত্র, সোনার গহনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আতর বলেন, টিকটকার নওশীন হৃদ নায়না তাকে বিভিন্নভাবে প্রভাবিত করে বিয়ে করেন। বিয়ের পর তার কাছ থেকে অর্থ ও মূল্যবান সামগ্রী নেওয়া হয়। একপর্যায়ে ঢাকায় বাড়ি ভাড়া নেওয়া, নায়নার নামে ফ্ল্যাট কেনা, সোনার গহনা দেওয়া এবং তার বেতনের পুরো অর্থ দেওয়ার মতো বিভিন্ন দাবি করা হয়।
আতরের অভিযোগ, এসব দাবিতে তিনি রাজি না হওয়ায় তার অনুপস্থিতিতে বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়া হয়। পরে তার কাছে তালাকের কাগজপত্র পাঠানো হয় বলেও দাবি করেন তিনি।
আতর বলেন, “আমি সংসার করতে চেয়েছি। কিন্তু আমার কাছ থেকে বিভিন্নভাবে অর্থ ও মূল্যবান সামগ্রী নেওয়ার পর এখন বিয়ের সম্পর্ক নিয়েও টালবাহানা করা হচ্ছে। আমাকে একেবারে শূন্য করে দিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, নওশীন হৃদ নায়নার বোন নীলা ও দুলাভাই আরেফিনও এ ঘটনায় বিভিন্নভাবে জড়িত। তাদের বিরুদ্ধে তার সঙ্গে ষড়যন্ত্র করার অভিযোগ তুলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ভুক্তভোগীর দাবি, এখন পর্যন্ত তার কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামাল এবং অন্তত ২০ লাখ টাকার নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী নেওয়া হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে দাবি করেন তিনি।
এ ছাড়া বিয়ের পর নতুন করে ২০ ভরি সোনা ও একটি ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন আতর।
আতর আরও জানান, বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। স্ত্রীকে ফিরিয়ে নিয়ে সংসার করার সুযোগ দেওয়ার পাশাপাশি তার অভিযোগের তদন্ত করে নওশীন হৃদ নায়না, তার বোন নীলা ও দুলাভাই আরেফিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে টিকটকার নওশীন হৃদ নায়না ও তার বোন নীলার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।