বিল্লাল হোসেন লিটু
স্টাফ রিপোর্টার ঝিনাইদাহ জেলা :—
ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী বাইপাস সড়কে যাত্রীবাহী বাসের চাপায় জান্নাতুল ফেরদৌস তুলি (২৫) নামের এক নারী ও তাঁর স্বামী সেনা সদস্য সোহেল কাজী (৩০) নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সেনা সদস্য সোহেল কাজী নড়াইল জেলার লোহাগড়া থানার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে শৈলকুপার শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন সোহেল কাজী। পথিমধ্যে গ্যাস ডিপো এলাকায় পৌঁছালে একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী ‘গড়াই পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত সেনা সদস্য সোহেল কাজীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দুজনেই নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।