উপজেলা প্রতিনিধি:
আব্দুল কাদের শিকদার
“ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতিময় তোমারি জয় হোক”—এই স্লোগানকে সামনে রেখে ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত হলো কৃতি শিক্ষক ও শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬। গত ২৯ আগস্ট ২০২৬ ইং, শনিবার দুপুর ২ ঘটিকায় ইউনিয়ন পরিষদ চত্বরে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন স্তরে কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন সিএমবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ মিতা বেগম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতি আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন এম মোশতাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চিফ রিজিওনাল ম্যানেজার মোঃ মিজানুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ও অধ্যাপক কাজী নাফিউল মজিদ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের এই অর্জন শুধু পহরডাঙ্গার নয়, পুরো দেশের জন্য গৌরবোজ্জ্বল।” বক্তারা শিক্ষক সমাজের আত্মত্যাগ ও অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শিক্ষার্থীদের আরও বেশি মন দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।