মোঃ ওমর ফারুক রাজু , স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ
চট্টগ্রামের কলসি কলোনির বাসিন্দাদের যাতায়াতের একমাত্র পথটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ। এর ওপর সড়কটির গা ঘেঁষে ইয়াকুব ফিউচার পার্ক হাউজিং এলাকায় বিভিন্ন ভবনের নির্মাণকাজ চলায় প্রতিদিনের চলাচলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরু এই সড়ক দিয়ে প্রতিদিন কলসি কলোনির বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। পথটির এক পাশে ইয়াকুব ফিউচার পার্ক হাউজিংয়ের সীমানাপ্রাচীর এবং অন্যদিকে বিভিন্ন নির্মাণাধীন ভবনের কাজ চলায় পথচারী ও যানবাহন চলাচলের জায়গা আরও সংকুচিত হয়ে পড়েছে।
অভিযোগ রয়েছে, নির্মাণাধীন ভবনগুলোর চারপাশে যে ধরনের নিরাপত্তাব্যবস্থা থাকার কথা, তা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। নির্মাণকাজের বিভিন্ন উপকরণ, শ্রমিকদের চলাচল এবং নির্মাণস্থলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের এই পথ দিয়ে চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বেশি বলে মনে করছেন তারা।
এদিকে আবাসিক এলাকার বর্জ্য ও নোংরা পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় রাস্তাটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও সড়কের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গর্ত ও ভাঙাচোরা অংশ। ফলে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে এবং পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।
স্থানীয়দের দাবি, কলসি কলোনির মানুষের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করার পাশাপাশি নির্মাণাধীন ভবনগুলোর নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করা প্রয়োজন। একই সঙ্গে নির্মাণসামগ্রী বা অন্য কোনো কারণে যাতে চলাচলের পথ আরও সংকুচিত না হয়, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।