নরসিংদী থেকে মোস্তফা :-
নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। শনিবার সকালে একটি ফিলিং স্টেশনের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আল আমিন (৩০) পেশায় মিশুকচালক। এ ঘটনায় ঘাতক ছোট ভাই হাসান (২৬) ও তার সহযোগী নাইমকে আটক করেছে পুলিশ।
নিহত ও অভিযুক্তরা নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশআলি বাজার এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যদের অভিযোগ, বোনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পারিবারিক ও স্থানীয় বিরোধ চলছিল। ঘটনার আগের রাতেই ছোট ভাই হাসান বড় ভাই আল আমিনকে প্রাণনাশের হুমকি দেয়। পরদিন সকালে ওই বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে আল আমিনের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই আল আমিনের মৃত্যু হয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, “ঘটনায় জড়িত হাসান ও নাইমকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।”