কিশোরগঞ্জের কুলিয়ারচরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ ও গণধ*র্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে গ্রেফতারকৃতদের কিশোরগঞ্জ জেলা আদালতে প্রেরণ করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো— উপজেলার ছয়সূতী ইউনিয়নের মো. ফাইজুল (১৭), মো. সাকিব (১৫) এবং পাঁপন (১৬)।
ভুক্তভোগীর মায়ের দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে অপহরণ করা হয়। ১নং ও ২নং আসামি ভুক্তভোগীর মুখ চেপে ধরে চরাকান্দা এলাকার একটি আবাদি জমিতে নিয়ে যায়। সেখানে আসামিরা তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ২নং আসামি সাকিব পুরো ঘটনাটি তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে।
ঘটনার পর আসামিরা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে মুখ বন্ধ রাখতে বাধ্য করে। সম্প্রতি ওই কিশোরীর বিয়ের আলাপ শুরু হলে আসামিরা পুনরায় সক্রিয় হয়ে ওঠে। গত ১১ মে রাতে আসামিরা ভুক্তভোগীকে ডেকে নিয়ে হুমকি দেয় যে, বিয়ে করলে ওই ভিডিও ইন্টারনেটে প্রকাশ করে দেওয়া হবে। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া কিশোরী তার পরিবারকে বিস্তারিত জানালে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কুলিয়ারচর থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে অভিযানে নামে পুলিশ। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার তাদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আলামত ও ভিডিও উদ্ধারে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।