মোস্তফা মিয়া,নরসিংদী:- নরসিংদীর বেলাব ও রায়পুরা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির এক কর্মকর্তা।
ডিবি সূত্র জানায়, ২৭ এপ্রিল ২০২৬ তারিখে রিকুইজিশনকৃত মাইক্রোবাসযোগে বেলাব ও রায়পুরা থানার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযানে নামে ডিবির একটি চৌকস টিম। একইদিন বিকেল ৫টা ৫ মিনিটে, রায়পুরা উপজেলার লোচনপুরা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—বেলাব থানার বারৈচা বাজার থেকে একজন মোটরসাইকেল আরোহী ইয়াবা নিয়ে খামারেরচর এলাকায় যাচ্ছে।
পরবর্তীতে খামারেরচর এলাকার এএনএম জামে মসজিদের সামনে অবস্থান নেয় ডিবি টিম। কিছুক্ষণ পর মোটরসাইকেল আরোহী পৌঁছালে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. জীবন মিয়া (২৮)—তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবের মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং নরসিংদীর বেলাব থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার ট্রাউজারের পকেটে থাকা সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ৩টি জিপার ব্যাগে মোট ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া তার ব্যবহৃত ঢাকা মেট্রো-ল ১১-৬২৯২ নম্বরের নীল রঙের মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কনস্টেবল জীবন মিয়া স্বীকার করেন, তিনি বিক্রয়ের উদ্দেশ্যেই ইয়াবা বহন করছিলেন। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৩৮ ধারায় বেলাব থানা একটি মামলা দায়ের করেছে। মামলার তদন্তভার নরসিংদী জেলা গোয়েন্দা শাখাকে দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয়রা দাবি করেছেন, আটক পুলিশ সদস্য জীবন মিয়া দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুক জানান, “ডিবি পুলিশের মাধ্যমে বিষয়টি জানার পর আমরা অবগত হয়েছি। এ ঘটনায় অন্য কোনো পুলিশ সদস্য জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। কেউ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান আগের মতোই অব্যাহত থাকবে।