মোঃ জাকির হোসেন, রাজশাহীঃ
রাজশাহীর বাগমারায় এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ছুরি, চাপাতি ও কুঠারসহ মোট ৫৬টি অস্ত্র। ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে কেন্দ্র করে এলাকায় ত্রাস সৃষ্টি ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে এই অস্ত্রগুলো মজুদ করা হয়েছিল।
র্যাব-৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭ ফেব্রুয়ারি রাত ১১:৩০ ঘটিকায় বাগমারা থানাধীন বইকুড়ি সরদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বড় চালান জব্দ করা হয়।
জব্দকৃত অস্ত্রের তালিকার মদ্ধে রয়েছে: ছুরি ১৬টি, টাঙ্গি (কুঠার সদৃশ) ৩২টি, চাপাতি০৪টি, হাসুয়া ০৪টি।
র্যাব জানায়, নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক অস্ত্রগুলো জব্দ করা হয়েছে এবং রাতেই পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের প্রাথমিক ধারণা অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে বাধাগ্রস্ত করা কিংবা এলাকায় পেশিশক্তির মহড়া দেওয়ার উদ্দেশ্যেই কোনো একটি পক্ষ এই অস্ত্রগুলো সংগ্রহ করেছিল। নির্বাচনের আগে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করাই ছিল এই মজুদের মূল লক্ষ্য।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ করে সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত রয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং তাদের নেটওয়ার্ক খুঁজে বের করতে র্যাবের গোয়েন্দা তৎপরতা বর্তমানে চলমান রয়েছে।