সাজ্জাদ বিন আলম সৌরভ,রংপুর:
রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় র্যাব-১৩ পরিচালিত পৃথক অভিযানে ফেনসিডিলজাতীয় সিরাপ ও গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং পাঁচজনকে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে র্যাব-১৩ সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামসংলগ্ন কাকিনা-মহিপুর সড়কে অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩৪১ বোতল এস্কাফ (ESKuf), ৯৯ বোতল ফেয়ারডিল (Fairdyl) ও ২ বোতল এস্কাফ ডিএক্স (ESKuf DX) উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এর আগের দিন (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার সিংড়া ইউনিয়নের মগলিশপুর এলাকায় র্যাব-১৩ সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা চেকপোস্ট পরিচালনাকালে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়।
একই দিন বিকাল ৪টা ২০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকায় আরেকটি অভিযানে একটি বাড়ি থেকে ১৫ দশমিক ৭ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে বলে জানায় র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে রংপুরসহ দেশের নানা স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে র্যাব। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জব্দ আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।