সেলিম চৌধুরী, চট্টগ্রাম :
সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের মনোনয়নবঞ্চিত বিএনপি নেতারা দলের মূল্যায়নের আশায় বুক বেঁধেছেন। কেউ জেলা পরিষদের প্রশাসক, কেউ সংরক্ষিত নারী আসনের এমপি আবার কেউবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে সম্মানজনক পদে আসীন হতে চান। মন্ত্রী, শীর্ষ স্থানীয় দলীয় নেতা, দলের নীতি-নির্ধারণ পর্যায়ের নেতা এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তারা। চট্টগ্রামে বিএনপির ত্যাগী ও বঞ্চিত নেতা হিসাবে পরিচিত ব্যারিস্টার শাকিলা ফারজানা, শামসুল আলম, আলী আব্বাস, আবুল হাশেম বক্করসহ এক ডজন নেতা দলের মূল্যায়নের প্রতীক্ষায় রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।