মোঃ মফিজুর রহমান,ভাটারা, ঢাকা:
ঢাকা-১৮ সংসদীয় আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোট প্রদান নিশ্চিত করতে ভোটারদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা। বিভিন্ন এলাকায় ভোটার স্লিপ সংগ্রহকে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সচেতনতা।
ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটার স্লিপ সংগ্রহ করছেন, যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তরুণ ভোটারদের পাশাপাশি বয়স্ক নারী-পুরুষদের মধ্যেও দেখা যাচ্ছে ভোট দেওয়ার আগ্রহ ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দৃঢ় প্রত্যয়।
এলাকাবাসীর মতে, দীর্ঘদিন পর একটি অর্থবহ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশায় মানুষ এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। ভোটার স্লিপ সংগ্রহের এই উৎসাহ গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরছে।
স্থানীয় রাজনৈতিক কর্মী ও সচেতন মহল মনে করছেন, জনগণের এই আগ্রহ আগামী নির্বাচনে ভোটার উপস্থিতি বৃদ্ধি করবে এবং একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ সুগম করবে।