দেলোয়ার হোসাইন (ভূঁইয়া) চট্টগ্রাম।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দোলনায় বসাতে কেন্দ্র করে, স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জনই পর্যটক।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকা থেকে বেড়াতে আসা একদল পর্যটক সৈকতের একটি দোলনায় বসাকে কেন্দ্র করে স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কথাকাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কলের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজন ঢাকা ভিত্তিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত এক শিক্ষার্থী অভিযোগ করেন, তারা বন্ধুদের নিয়ে ঘুরতে এসে স্থানীয় কিছু লোকের হামলার শিকার হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।
অন্যদিকে গুলিয়াখালী সৈকত সংশ্লিষ্ট একাধিক স্থানীয় ব্যক্তি দাবি করেন, পর্যটকদের অসাবধানতায় একটি দোলনা ক্ষতিগ্রস্ত হওয়াকে কেন্দ্র করেই প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, আহতদের মধ্যে বেশিরভাগকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।