মোস্তফা মিয়া, নরসিংদী:
সরকারি ডাক্তার ডিউটি টাইমে প্রাইভেট চেম্বার করলে পাবেন শাস্তি, চলছে গোয়েন্দা নজরদারি
সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালীন বাহিরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) লাইসেন্স স্থগিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, সরকারি ওষুধ যেন সাধারণ মানুষ পায় এবং কর্মস্থলে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে সারাদেশে গোয়েন্দা নজরদারি চলছে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য সেবার মান উন্নত করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে এক লাখ জনবল নিয়োগ দেবে সরকার। যার মধ্যে ৮০ শতাংশই হবেন নারী।