হাবিবুর রহমান নাজমুল,রাজনগর (মৌলভীবাজার):
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে ছিল আনন্দঘন পরিবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক আবহ।
উপজেলা চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, রাজনগর থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্বাস আলী মাস্টার এবং সাংগঠনিক সম্পাদক রুপক দাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য নববর্ষের শোভাযাত্রা। রঙিন পোশাক, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা শোভাযাত্রায় অংশ নিয়ে পুরো এলাকা উৎসবমুখর করে তোলে।
এ সময় বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
নতুন বছরের এই আয়োজনের মাধ্যমে সম্প্রীতি, সংস্কৃতি ও আনন্দের বার্তা ছড়িয়ে পড়ে সর্বস্তরের মানুষের মাঝে।
**শুভ নববর্ষ ১৪৩৩।**