মোঃ গোলাম কবির,স্টাফ রিপোর্টার (জয়পুরহাট):
জয়পুরহাট জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বর্তমান পুলিশ সুপার মিনা মাহমুদাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, নবনিযুক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম এর আগে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জয়পুরহাটে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, বিদায়ী পুলিশ সুপার মিনা মাহমুদা জয়পুরহাটে দায়িত্ব পালনকালে বিভিন্ন ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার এ অবদান স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে। নতুন দায়িত্বে তিনি রাজধানী ঢাকায় ডিএমপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।