খাগড়াছড়ি
খাগড়াছড়ি সদর উপজেলার গামারীঢালা এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসরত ১৬টি পরিবার নিজেদের বসতভিটা ও বাগান রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ভূমি দখলের চেষ্টা, বাগানের গাছ কেটে নেওয়া, অপহরণ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে রোববার (১০ মে) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষরা অভিযোগ করেন, তারা কয়েক যুগ ধরে ওই এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। তাদের দাবি, ১৯৮০ থেকে ১৯৮২ সালের মধ্যে তৎকালীন সরকারের দেওয়া বন্দোবস্তের মাধ্যমে তারা জমির বৈধ কাগজপত্র লাভ করেন। এরপর থেকে পরিবার-পরিজন নিয়ে সেখানে বসবাসের পাশাপাশি বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের বাগান গড়ে তোলেন। এসব বাগানই বর্তমানে তাদের জীবিকার অন্যতম অবলম্বন।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সম্প্রতি বাগিস চাকমা ও বিনয় কৃষ্ণ চাকমার নেতৃত্বে একটি পক্ষ তাদের জমি দখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। একপর্যায়ে তাদের বাগানের গাছপালা কেটে নিয়ে যাওয়া হয়। এতে বাধা দিলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো হয় এবং অপহরণ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তারা।
তারা আরও বলেন, তাদের কৈবলিয়তভুক্ত জমি ছেড়ে অন্যত্র চলে যেতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। একই সঙ্গে কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে ১৬টি পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারগুলোর নারী ও শিশুরা সবচেয়ে বেশি ভয়ের মধ্যে রয়েছে। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এসময় বক্তারা তাদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং দীর্ঘদিনের বসতভিটা ও ভূমি রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা রুস্তম আলী, কুলসুম বেগম, দুলাল মিয়া, মো. ডালিমসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও এলাকাবাসী।