মোঃ সাইদুর বাশার(ক্রাইম রিপোর্টার) মেহেরপুরঃ
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মেহেরপুরে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, মেহেরপুরের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাবা শিলা রাণী রায়।
প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসার মোঃ মাহফুজ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নে জেলার চলমান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, খাল পুনঃখনন, কৃষক সহায়তা কার্যক্রম, নারী সমাবেশ, উঠান বৈঠক, অনলাইন প্রচার, কুইজ প্রতিযোগিতা ও সচেতনতামূলক সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগ পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এসময় প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন প্রচার কার্যক্রমের পরিসংখ্যান ও অগ্রগতি সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।
মতবিনিময় পর্বে সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। এসময় দৈনিক দেশ প্রতিদিন ক্রাইম রিপোর্টার মোঃ সাইদুর বাশার জানতে চান, মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনেই বিরোধী দলীয় সংসদ সদস্য থাকায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কোনো ধরনের সমন্বয় সংকট বা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কি না।
জবাবে জেলা তথ্য অফিসার মোঃ মাহফুজ বলেন, “মেহেরপুর জেলায় এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। সরকারি ও বিরোধী দলীয় জনপ্রতিনিধিরা উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট কাজে সমন্বয়ের ভিত্তিতেই কাজ করছেন।”
অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।