দেলোয়ার হোসাইন( ভূঁইয়া) চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে জাহাঙ্গীর আলম শামীম (৪০) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গত বুধবার (৮ এপ্রিল) রাত প্রায় ১২টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের উত্তর ভাটিরখিলের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম পৌরসভার ৯ নং ওয়ার্ড শিবপুরের বাসিন্দা।
নিহতের বড় ভাই সেলিম উদ্দিন জানান, ভাটেরখিল এলাকার সোহেল ও ইরানের সাথে শামীমের আর্থিক লেনদেন ও বিভিন্ন বিষয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। বুধবার শামীম পরিবারসহ তার শ্বশুরবাড়ি ভাটিরখিলে বেড়াতে গেলে রাত সাড়ে ১১টার দিকে সোহেল নামে এক ব্যক্তি তাকে ফোন করে তালতলা এলাকায় ডেকে নেয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা সোহেল, ইরান সহ ১০ থেকে ১২ জনের একটি দল শামীমের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে শামীমের সঙ্গে থাকা সাইফুল ও বাবলু নামের দুই ব্যক্তির উপরও হামলা হলে তারা প্রাণভয়ে সেখান থেকে পালিয়ে যান। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মুরাদপুরের ভাটেরখিল এলাকায় গিয়ে শামীমের মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আর্থিক লেনদেনসংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।