মেহেদী হাসান সোহেল,টাঙ্গাইল:
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে র্যাবের মাদকবিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকেলে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে আশেকপুর বাইপাস মোড়ে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী “ন্যাশনাল ট্রাভেলস” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে মো. নাজিম উদ্দিন ওরফে স্বপন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।