মোঃ আলমগীর হোসাইন,কুড়িগ্রাম:
কৃষি উৎপাদন, পুষ্টি উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস।
প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) শীর্ষক এ আয়োজন ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলার অফিসার্স ক্লাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কংগ্রেসটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, উন্নয়ন অংশীদার, গবেষক এবং মাঠপর্যায়ের উদ্যোক্তারা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,
খামার বাড়ি, কুড়িগ্রামের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরীন।
এ সময় আরও বক্তব্য দেন এসএমও পার্টনার, রংপুর অঞ্চলের কৃষিবিদ অশোক কুমার রায় এবং অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, কৃষি খাতকে সময়োপযোগী করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পুষ্টিনির্ভর উৎপাদন ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহনশীল কৃষি পদ্ধতি গড়ে তোলা এখন সময়ের দাবি।
বিশেষ করে নারী ও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
কংগ্রেসে PARTNER কর্মসূচির আওতায় বাস্তবায়িত বিভিন্ন সফল উদ্যোগ উপস্থাপন করা হয়। এতে পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, বাজার ব্যবস্থার উন্নয়ন এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় নতুন নতুন উদ্যোগের অগ্রগতি তুলে ধরা হয়।
সবশেষে অংশগ্রহণকারীরা সমন্বিতভাবে কাজ করে দেশের গ্রামীণ রূপান্তর, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।