মোঃ গোলাম কবির,স্টাফ রিপোর্টার (জয়পুরহাট)
জয়পুরহাট জেলাজুড়ে এখন চলছে বোরো ধান কাটার ব্যস্ত মৌসুম। জেলার মাঠজুড়ে সোনালী ধানের সমারোহে কৃষকদের মাঝে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক ও শ্রমিকরা ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জয়পুরহাটে প্রায় ৬৯ হাজার হেক্টরের বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের পরামর্শে এবার ফলন ভালো হওয়ার আশা করছেন কৃষকরা।
জেলার সদর, পাঁচবিবি, ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। অনেক কৃষক আধুনিক হারভেস্টার মেশিন ব্যবহার করছেন, ফলে দ্রুত ধান ঘরে তুলতে পারছেন তারা। তবে কোথাও কোথাও শ্রমিক সংকটের কথাও জানিয়েছেন কৃষকরা।
কৃষকদের ভাষ্য, এবার আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় ধানের ক্ষতির আশঙ্কা কম। তবে দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বৃষ্টি ও জলাবদ্ধতায় বোরো ধানের ক্ষতির খবর তাদের কিছুটা উদ্বিগ্ন করে তুলেছে।
এদিকে নতুন ধান বাজারে উঠতে শুরু করায় চালকলগুলোতেও বেড়েছে কর্মচাঞ্চল্য। তবে বাজারে ধানের দাম তুলনামূলক কম থাকায় অনেক কৃষক ন্যায্যমূল্য নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবার জেলায় বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শও দেওয়া হয়েছে।